‘ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিণত না হয়’— উল্লাপাড়ায় সারজিস আলম

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ রাত
  • ২২১৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘ফ্যামিলি কার্ড যেন বিএনপি কার্ডে পরিণত না হয়। প্রকৃত যাদের প্রয়োজন এবং যারা পাওয়ার উপযুক্ত, তাদেরই ফ্যামিলি কার্ড দিতে হবে।’

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, শুধু কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড দিলেই দায়িত্ব শেষ হয় না। যাদের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব নয়, তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করতে হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যে সরকার নিজ দলের নেতাকর্মীদেরই নিরাপত্তা দিতে পারে না, তারা কীভাবে এনসিপির নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে?’

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেনি। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘যারা সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট ও দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের যদি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেন, তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সমালোচনা করে বলেন, ‘আপনি বলেছেন দেশে লোডশেডিং নেই। অথচ আপনার নিজ জেলা সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় নিয়মিত বিদ্যুৎ থাকে না। যিনি নিজের জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে পারেন না, তিনি কীভাবে সারা দেশের বিদ্যুৎ ব্যবস্থার সফলতার দাবি করেন?’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার ছাত্র-জনতাকে হত্যা এবং তিন হাজার মানুষকে আহত করার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া উচিত নয়। এনসিপি ও যুবশক্তি দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেবে না। তাদের পরিণতি হবে মুসলিম লীগের মতো।’

উল্লাপাড়া এনসিপি নেতা রিফাত বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাঈফ মোস্তাফিজ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরানুল হাসান, উল্লাপাড়া উপজেলা এনসিপি নেতা আব্দুল্লাহ আল মামুন লিয়ন এবং ইঞ্জিনিয়ার মোশারফ আদনান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad