গণভোটের রায় বাস্তবায়নে সরকার বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জুলাই ২০২৬, ০২:০১ দুপুর
  • ২৬৫১২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় বাস্তবায়নে সরকার শেষ পর্যন্ত বাধ্য হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার কিছুটা সময় নিচ্ছে, তবে জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

শুক্রবার (৩ জুলাই) সকালে নেত্রকোনার মোহনগঞ্জে জেলা পাবলিক হলে আয়োজিত জেলা জামায়াতের ষাণ্মাসিক রুকন সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের প্রতিটি রুকনকে হযরত ইব্রাহিম (আ.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে ত্যাগ, ধৈর্য ও প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকার মানসিকতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার, বিভিন্ন গোষ্ঠী এবং কিছু আলেম-উলামা তাদের সমালোচনা করলেও সে বিষয়ে বিচলিত হওয়ার সুযোগ নেই। সমালোচনার জবাব দেওয়ার পরিবর্তে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক ও কল্যাণকর সমালোচনা অবশ্যই গ্রহণ করা হবে।

ডা. শফিকুর রহমান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণার ঘটনাকে ইসলামের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ক্ষমাশীলতাই ইসলামের অন্যতম সৌন্দর্য এবং মহানবী (সা.) তাঁর জীবনাচরণের মাধ্যমে তা প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, ত্যাগ ও আদর্শিক সংগ্রামের মধ্য দিয়েই দেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পথ সুগম হবে।

নারী সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সংগঠনের অগ্রযাত্রায় নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সর্বশেষ নির্বাচনে তাদের ভূমিকা ছিল স্মরণীয়, যা ভবিষ্যতেও সংগঠনকে আরও শক্তিশালী করবে।

সকাল ৯টায় পবিত্র আল-কুরআন থেকে দারসের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ছয় শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক বদরুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সদস্যদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad