টঙ্গীতে থামতেই জামালপুর এক্সপ্রেসে তাণ্ডব, অস্ত্রের মুখে যাত্রীদের গণছিনতাই

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ জুলাই ২০২৬, ০৪:১৯ দুপুর
  • ২০৩৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

গাজীপুরের টঙ্গীতে রেলওয়ের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা জামালপুর এক্সপ্রেস ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সশস্ত্র দুর্বৃত্তরা ট্রেনে উঠে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি বাধা দেওয়া কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশে বনমালা আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী মোস্তাফিজ বুলবুল জানান, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর এক্সপ্রেসটি আউটার সিগন্যালে থামার পর ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল হঠাৎ ট্রেনে উঠে পড়ে। তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে একে একে মোবাইল ফোন, হাতঘড়ি, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ সময় কয়েকজন যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, এতে কয়েকজন আহত হন।

ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ট্রেনে। যাত্রীরা রেলপথে নিরাপত্তা জোরদার এবং এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর আলম হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় বা পুলিশ ফাঁড়িতে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি টঙ্গী রেলওয়ের আউটার সিগন্যাল এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad