জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা; বিএনপি, সরকার ও গণমাধ্যমের একাংশের সমালোচনা
স্টাফ রিপোর্টার | ঢাকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বহু বছর আগে মীমাংসিত রাজনৈতিক ইস্যু আবার সামনে এনে সরকারি দল জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এবং জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের সমালোচনা করেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।
গোলাম পরওয়ার বলেন, বিরোধী দলের ওপর নয়, বরং সরকার ও সরকারি দলের ওপরই "ভূত চেপেছে"। তার ভাষায়, অর্ধশতাব্দী আগের মীমাংসিত বিষয়গুলো সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, অতীতে দলটি অখণ্ড পাকিস্তানের সমর্থকদের রাষ্ট্রপতি ও মন্ত্রী করেছে, দীর্ঘ সময় চারদলীয় জোটে জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে এবং ভোটের রাজনীতিতে জামায়াতের সহযোগিতা চেয়েছে। এখন সেই অতীত ইস্যুগুলো নতুন করে সামনে আনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ১৯৯১ সালের নির্বাচনের পর সরকার গঠনে জামায়াত বিএনপিকে নিঃস্বার্থ সমর্থন দিলেও পরবর্তীতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালানো হয়। সে সময় একাত্তরের প্রসঙ্গ সামনে আনা হয়নি বলেও দাবি করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকার মৌলিক কয়েকটি বিষয়ে 'নোট অব ডিসেন্ট' উপেক্ষা করে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে। তার দাবি, গণভোটে জনগণের বড় অংশ এসব বিষয়ে ইতিবাচক মত দিয়েছে, তাই জনগণের রায়কে উপেক্ষা করা উচিত নয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, কয়েকটি করপোরেট মালিকানাধীন গণমাধ্যম রাজনৈতিক পক্ষপাতিত্বের পরিচয় দিয়ে জামায়াতবিরোধী প্রচারণা চালাচ্ছে। গণমাধ্যমকে নিরপেক্ষ থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদও বক্তব্য দেন। তিনি জাতীয় সংসদে দেওয়া বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, জনগণ ফ্যাসিবাদী রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, জামায়াত কোনো অপরাধ করেনি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, সরকার যদি কর্তৃত্ববাদী আচরণ থেকে সরে না আসে, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে নতুন আন্দোলন গড়ে তোলা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুলসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক