‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ’ গড়তে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ জুন ২০২৬, ০৪:১৮ দুপুর
  • ১৭৫৮৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ’ প্রতিপাদ্য সামনে রেখে ৩৬ দিনব্যাপী দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (২৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই অভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন, ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— দেশব্যাপী ‘অদম্য জুলাই’ শিরোনামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, জুলাই অভ্যুত্থানভিত্তিক গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ ও সাময়িকী প্রকাশ, রাজধানীতে ‘শিশুদের চোখে জুলাই জাগরণ’ শীর্ষক প্রদর্শনী, ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা, সেমিনার, সিম্পোজিয়াম, গবেষণা সম্মেলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

এ ছাড়া দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, রচনা, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা, শহীদদের নামে পাঠাগার স্থাপন, ‘জুলাই শহীদ স্মৃতি’ ক্রীড়া প্রতিযোগিতা, শহীদ পরিবার ও আহতদের নিয়ে ‘লাল জুলাই’ শীর্ষক সাক্ষাৎকার ও পডকাস্ট, শহীদদের কবর জিয়ারত, আহতদের সঙ্গে মতবিনিময়, জুলাই গ্রাফিতি অঙ্কন এবং ‘Echoes of July’ নামে ৩৬ দিনের অনলাইন ক্যাম্পেইন পরিচালনার কথাও জানানো হয়।

লিখিত বক্তব্যে ছাত্রশিবির সভাপতি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, ওয়াসিম, শান্ত, শরীফ ওসমান হাদীসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি শহীদদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক ঐকমত্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ ও গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে না। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার অভিযোগও তুলে ধরা হয়।

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নূরুল ইসলাম। তিনি দাবি করেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে, যা শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের অর্জন রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘোষিত ৩৬ দিনের কর্মসূচি সফল করতে ছাত্রসমাজ ও দেশবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু'তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad