জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী উল্লাপাড়ার দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক (নৃত্য) বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী এবং ১০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রিফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্য উল্লাপাড়ার জন্য গৌরবের বিষয়। তাদের এই অর্জন উপজেলার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
বক্তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এসব শিক্ষার্থী দেশ ও জাতির জন্য আরও সাফল্য বয়ে আনবে। অনুষ্ঠান শেষে কৃতী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার