ঢাকার মিরপুরে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে তার কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২০ জুন) বিকেলে মিরপুরের রূপনগর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. নাসির উদ্দিন। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী আচরণের মাধ্যমে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামায়াতের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা যাবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়ার আহ্বান জানান তিনি।
রূপনগর থানা আমির আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম, পল্লবী উত্তর থানা আমির সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমির রইসুল ইসলাম পবন এবং ইঞ্জিনিয়ার মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রূপনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়।
জামায়াতের দাবি, শুক্রবার বিকেলে রূপনগর এলাকায় সংঘটিত হামলায় তাদের ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীসহ অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।
ঘটনার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন অভিযোগ করেন, স্থানীয় থানা পুলিশকে পূর্বেই বিষয়টি অবহিত করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, পুলিশ উপস্থিত থাকলেও হামলার সময় কার্যকর ভূমিকা দেখা যায়নি।
এমপি বাতেনের অভিযোগ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা-কর্মীর নেতৃত্বে হামলাটি সংঘটিত হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার