জাতীয় সংসদে কওমি মাদরাসা-ভিত্তিক রাজনৈতিক ও সামাজিক অবস্থান নিয়ে আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্য উঠে এসেছে। ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি মুফতি মুহাম্মদুল্লাহ দাবি করেছেন, দেশের কওমি ঘরানার মানুষ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত ছিল এবং এখনো তাদের একটি বড় অংশ সেই ধারার সঙ্গেই রয়েছে।
বুধবার সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিএনপির সূচনালগ্ন থেকেই কওমি অঙ্গনের মানুষ দলটির পাশে ছিল। তার ভাষায়, “এখনো তারা বিএনপির সঙ্গেই আছে।”
তিনি আরও অভিযোগ করেন, অতীতে কওমি মাদরাসা ও আলেম সমাজের জন্য সরকারি বরাদ্দ বা উন্নয়ন পরিকল্পনায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাঁর মতে, সরকার বিভিন্ন গোষ্ঠীকে অর্থনৈতিক সহায়তার আওতায় আনলেও কওমি ঘরানাকে সেই সুযোগ থেকে বঞ্চিত রাখা হয়েছে।
মুফতি মুহাম্মদুল্লাহ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় কওমি অঙ্গনের মানুষদের উপেক্ষা করা হচ্ছে—যা তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
অন্যদিকে সংসদ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক একটি ভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, সংসদে প্রবেশের সময় মাথা নত করা ইসলামসম্মত কি না—সে বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন। তার দাবি, বিশ্বের বিভিন্ন দেশের সংসদে শিষ্টাচার হিসেবে মাথা নত করার নিয়ম থাকলেও এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য কি না, তা স্পষ্ট করা দরকার।
এ বিষয়টি নিয়ে সংসদে আলোচনার সময় কিছুটা ভিন্নমত ও ব্যাখ্যার চাহিদা তৈরি হয় বলে জানা গেছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ