জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি জানান, জনগণের রায় ও দাবি বাস্তবায়নের প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, “যেটা সংসদে সমাধান হয়, সেটা সংসদেই হবে। কিন্তু সংসদে সমাধান না হলে আমরা রাজপথে যাব। জনগণের দাবি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত গণভোটে বিপুল সংখ্যক মানুষের সমর্থন পাওয়া ইস্যুগুলোকে উপেক্ষা করে কেবল সংসদীয় প্রক্রিয়ায় সীমাবদ্ধ রাখা হলে তা গ্রহণযোগ্য হবে না। তার ভাষায়, “আমরা জনগণের রায়ের পক্ষে আছি। জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না।”
সংবিধান সংশোধন ও সংস্কার বিষয়ে সরকারি দলের প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, তারা কেবল সংস্কার সংক্রান্ত কার্যক্রমে বিবেচনা করবেন, সাধারণ সংশোধনী প্রক্রিয়ায় নয়। তার মতে, সংশোধনী বিল আকারে সংসদে আসাই স্বাভাবিক প্রক্রিয়া।
বিরোধী দলের ভূমিকা সম্পর্কে শফিকুর রহমান বলেন, তারা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসেবে কাজ করতে চান। “আমরা ধ্বংসাত্মক বিরোধী দল হব না। জনস্বার্থে কথা বলার জন্যই সংসদে এসেছি,” বলেন তিনি।
তিনি আরও সতর্ক করে বলেন, কোনো যৌক্তিক বিষয় উপেক্ষা করা হলে তারা ওয়াকআউটের পথেও যেতে পারেন, তবে তা স্থায়ী অবস্থান হবে না।
সংসদ পরিচালনার ব্যয় ও কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। ব্যক্তিগত আক্রমণ ও অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে জনগণের স্বার্থই প্রধান হওয়া উচিত।
সংসদীয় কার্যক্রমে তাদের নোটিশ, ব্যাংকিং খাতের সংকট, প্রবাসী সমস্যা ও সীমান্ত ইস্যুতে আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।
মতবিনিময় সভায় বিরোধীদলীয় উপনেতা, চিফ হুইপ ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ