ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: নিহত বেড়ে ৩৭, গৃহহীন ১০ হাজারের বেশি

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৯ জুন ২০২৬, ০৬:৩৯ বিকাল
  • ৬৮৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফিলিপাইনের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সকসারজেন অঞ্চল। সেখানেই উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ৩১টি মরদেহ উদ্ধার করেছেন। ভূমিকম্পের কারণে ১০ হাজারেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

রোববার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে। কম্পনের তীব্রতা মিন্দানাওজুড়ে অনুভূত হয়। পাশাপাশি প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পরপরই দক্ষিণ ফিলিপাইন, উত্তর ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাবাহ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়। উপকূলীয় এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিস্থিতি পর্যবেক্ষণের পর প্রায় ছয় ঘণ্টা পর সতর্কতা প্রত্যাহার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে সড়ক, ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য, পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপের উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৭৯ জন নিহত হয়েছিলেন। এরপর মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রাসহ আরও কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

সূত্র: ফিলিপাইন নিউজ এজেন্সি (পিএনএ)।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad