ঈদে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল দুইজনের, জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন নারী। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার-চানপাড়া আঞ্চলিক সড়কের খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন খন্দকার (২৯) এবং তার শ্যালক ও প্রতিবেশী হারুঞ্জা গ্রামের ফেরদৌস। আহত হয়েছেন ইমনের স্ত্রী সুরাইয়া। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন ইমন, তার স্ত্রী সুরাইয়া এবং ফেরদৌস। পথে খড়িকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমন খন্দকার ও ফেরদৌস ঘটনাস্থলেই নিহত হন এবং সুরাইয়া আহত হন।
স্থানীয়দের দাবি, ধান কাটার মৌসুমে ওই গ্রামীণ সড়কে প্রায়ই রাস্তার ওপর খড় শুকাতে দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে ছড়িয়ে থাকা খড়ের কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপ করলে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক