জুলাইয়ের ঐতিহাসিক গ্রাফিতিতে পোস্টার, সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করলেন সেলিম উদ্দিন
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক গ্রাফিতির ওপর নিজের নির্বাচনী পোস্টার লাগানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
রোববার (৩১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি পোস্টারগুলো অপসারণের কথা জানান।
বিবৃতিতে সেলিম উদ্দিন বলেন, উত্তরা আজমপুর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গ্রাফিতির ওপর তার কিছু পোস্টার লাগানোর বিষয়টি সকালে তার নজরে আসে। বিষয়টি জানার পর তিনি অত্যন্ত মর্মাহত ও দুঃখিত হয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, ঘটনার বিষয়ে অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট পোস্টারগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। পোস্টার লাগানোর কারণে গ্রাফিতির কোনো ক্ষতি হয়ে থাকলে শিল্পীদের সহযোগিতায় তা আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
সেলিম উদ্দিন বলেন, “চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের ত্যাগ, স্মৃতি ও চেতনাকে আমি গভীরভাবে ধারণ করি। তাই এ ধরনের অসচেতন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি তার নজরে আনার জন্য সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিবৃতির শেষাংশে তিনি জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন ঢাকা গড়ে তুলি।”

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ