কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন জ্যেষ্ঠ ব্যাংকার নুরুল আমিন
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন।
রোববার (২৪ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কৃষি ব্যাংক আদেশ, ১৯৭৩-এর ৭ অনুচ্ছেদ অনুযায়ী মোহাম্মদ নুরুল আমিনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
ব্যাংক খাতে চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন নুরুল আমিন দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবনে দেশের বিভিন্ন বেসরকারি ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি এনসিসি ব্যাংক ও মেঘনা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্লোবাল ইসলামী ব্যাংক-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি। পরবর্তীতে একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকে রূপান্তরের আগ পর্যন্ত তিনি ওই দায়িত্বে ছিলেন।
ব্যাংকিং খাতে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি একসময় একযোগে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৭৭ সালে জনতা ব্যাংক-এ যোগদানের মাধ্যমে তার ব্যাংকার জীবনের সূচনা হয়।
মোহাম্মদ নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ব্যাংকিং বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং বিষয়ে ডিপ্লোমাও অর্জন করেছেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক