একদিনে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ২৫ মে ২০২৬, ১০:৪৯ রাত
  • ৯৭২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

একদিনে পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে টাঙ্গাইলের কালিহাতীতে। সেখানে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। এছাড়া বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে দুই শিশু, মানিকগঞ্জে একজন এবং গোপালগঞ্জে একজন নিহত হয়েছেন।

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ভোর ৪টার দিকে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা যাত্রীরা ভারী রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন অন্তত ছয়জন।

নিহতরা কম খরচে বাড়ি ফিরতে যাত্রীবাহী বাসের পরিবর্তে ওই মালবাহী ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, কুষ্টিয়া ও নাটোর জেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান। গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, “মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় বিকেল ৪টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের কাজীপাড়া এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে জেসমিন খাতুন (৪৫) ও তার মেয়ে তণু আক্তার (২০) নিহত হন। গুরুতর আহত হন অটোরিকশাচালক শাওন মিয়া (১৮)।

এর আগে সকালে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনিছুর রহমান ও তার চার বছরের মেয়ে পুষ্প নিহত হন। আহত অবস্থায় আনিছুরের স্ত্রী আয়েশা বেগমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জে প্রাণ গেল দুই শিশুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লবণবোঝাই ভটভটির সংঘর্ষে সারা খাতুন (৮) নামে এক শিশু নিহত হয়।

অন্যদিকে, একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় আহম্মদ (৭) নামে আরেক শিশুর মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে।

মানিকগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. কাউসার আহম্মেদ (১৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী আরাফাত (১৮)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ

ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাশুর এলাকায় বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, ঢাকাগামী একটি বাস ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরে একটি প্রাইভেটকারও এসে ধাক্কা দেয়। এতে বাসটি খাদে পড়ে গেলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad