২ হাজার ৪৩২ নিষ্পন্ন মামলার জব্দ আলামত ধ্বংস
ঢাকা মহানগর আদালতের মালখানায় দীর্ঘদিন ধরে সংরক্ষিত ২ হাজার ৪৩২টি নিষ্পন্ন মামলার জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, চলমান মামলার আলামত যথাযথভাবে সংরক্ষণ এবং মালখানার ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধ্বংস কার্যক্রমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তা ও আদালত সংশ্লিষ্ট প্রসিকিউশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধ্বংস করা আলামতের মধ্যে বিভিন্ন ফৌজদারি মামলায় জব্দ করা লাঠি, বাঁশ, হকি স্টিক, বিভিন্ন ব্র্যান্ডের মদ, কাগজপত্রসহ নানা ধরনের সামগ্রী ছিল। আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসব আলামত ধ্বংস করা হয়।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল হাসান কানন বলেন, যেসব মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এবং আদালতের নির্দেশ পাওয়া গেছে, সেসব মামলার জব্দকৃত আলামত বিধি মোতাবেক ধ্বংস করা হয়েছে। এর ফলে মালখানার সংরক্ষণ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং নতুন আলামত সংরক্ষণে সুবিধা সৃষ্টি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের মালখানায় সংরক্ষিত আলামত নিয়মিত পর্যালোচনা করে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তির কার্যক্রম অব্যাহত রয়েছে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ