রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচার, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর পশ্চিম শাখা।
শুক্রবার দুপুরে সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, পল্লবীতে শিশু রামিসা হত্যার বিচারসহ চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা। এছাড়া ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি হাফেজ আবু তাহের, সেক্রেটারি মুহিব্বুল্লাহ আল হুসাইনীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
নেতারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ