জাতীয় কবি নজরুল জন্মজয়ন্তীতে শনিবার ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ত্রিশালজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুর ১২টায় ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেখানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
পরে দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন তিনি। বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগাবাড়ি ও আশপাশের এলাকা।
স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসব উপলক্ষে নজরুল একাডেমি মাঠে বসেছে গ্রামীণ মেলা ও বইমেলা। ইতোমধ্যে পাঁচ শতাধিক স্টল স্থাপন করা হয়েছে সেখানে।
মূল অনুষ্ঠানস্থলে আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থাও করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বৈলর, নজরুল একাডেমি মাঠ ও নজরুল অডিটোরিয়ামসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা, যানবাহন চলাচল ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় সার্বক্ষণিক কাজ চলছে।”
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, জাতীয় এ আয়োজনের মাধ্যমে ত্রিশালের উন্নয়ন সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন কোনো উন্নয়ন প্রকল্প ঘোষণারও সম্ভাবনা রয়েছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক