জামায়াত ক্ষমতায় এলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে: সাদিক কায়েম
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে সমর্থন জানাতে রাজাপুরে নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় উপজেলা সদরের বাইপাস মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। জামায়াত ক্ষমতার নয়, আদর্শের রাজনীতি করে।”
তিনি শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, তাঁদের আদর্শ অনুসরণ করেই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সাদিক কায়েম আরও বলেন, “দেশবিরোধী ও আধিপত্যবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”
ঝালকাঠি-১ আসনের প্রার্থী ড. ফয়জুল হককে শহীদ ওসমান হাদীর আদর্শের উত্তরসূরি উল্লেখ করে তিনি বলেন, তাঁকে বিজয়ী করা গেলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
পথসভায় ড. ফয়জুল হকসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক