যত দ্রুত সম্ভব নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব
নির্বাচনের পর যতদ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
এতে তিনি লেখেন— নির্বাচনের পরও অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থেকে যাবে বলে যারা প্রচারণা চালাচ্ছেন, তাদের উদ্দেশ্য অসৎ। এরাই কয়েকদিন আগেও নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা করেছে। এখন যখন দেখছে নির্বাচন যথাসময়ে হচ্ছে, তখন তারা নতুন ষড়যন্ত্রতত্ত্ব নিয়ে হাজির হয়েছে।
এই রকম অসৎ প্রপাগান্ডায় অনেক উচ্চশিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন জানিয়ে উপ-প্রেস সচিব আরো লেখেন— বাস্তবে এ ধরনের বিভ্রান্তির কোনো সুযোগ নেই। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে সরকার।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

প্রথম দর্পণ,ডেস্ক