ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩১ বিকাল
  • ১০৯৪৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য বিকৃত, বিভ্রান্তিকর বা অতিরঞ্জিতভাবে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে সংস্থার কার্যক্রমসংক্রান্ত তথ্য ও বক্তব্যের জন্য গণমাধ্যমকর্মীদের মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়েছে, সম্প্রতি দুটি রাজনৈতিক হত্যাকাণ্ডের পর নিহতদের সমর্থকদের প্রতিক্রিয়ায় নড়াইলে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধির বক্তব্য কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার কিছু উপস্থাপনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো গণমাধ্যম দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা না বলেই তাঁর নামে বক্তব্য প্রকাশ করেছে। কোথাও আবার বক্তব্যের আংশিক বা অসংগত ব্যাখ্যা দিয়ে ঘটনার প্রকৃত চিত্রের তুলনায় অতিরঞ্জিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে তথ্যের যথার্থতা ও প্রেক্ষাপট যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে।

সংস্থাটির মতে, পাঠকপ্রিয়তা, প্রচারসংখ্যা বা ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় দায়িত্বশীল সাংবাদিকতার নীতি উপেক্ষা করা উচিত নয়। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও এ ধরনের স্পর্শকাতর ঘটনায় যাচাইহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে আতঙ্ক ও উত্তেজনা তৈরি করতে পারে; ঝুঁকি তৈরি হতে পারে সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার ক্ষেত্রেও।

উদ্ধারকাজে ব্যাঘাত না ঘটানোর অনুরোধ

ফায়ার সার্ভিস জানায়, মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সংস্থার সদস্যরা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। সংস্থার নাম জড়িয়ে কোনো তথ্য বা বক্তব্য প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের দুর্ঘটনা বা দুর্যোগস্থলে উদ্ধারকাজে নিয়োজিত সদস্যদের অপ্রয়োজনীয় সাক্ষাৎকার দিতে অনুরোধ বা প্ররোচিত না করার কথাও বলা হয়েছে। এতে উদ্ধারকাজের মনোযোগ ও কর্মপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি জরুরি সেবার জন্য নির্ধারিত জনবল ও সময়ের অপচয় হতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্য জানেন না—এমন কর্মকর্তা বা সদস্যের বক্তব্য না নিয়ে দায়িত্বপ্রাপ্ত ও যথাযথভাবে অবহিত ব্যক্তির বক্তব্য গ্রহণের অনুরোধ জানিয়েছে সংস্থাটি। প্রকাশের আগে বক্তব্যের সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য দেওয়ার কর্তৃত্ব যাচাই করারও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধাশীল। সংস্থাটি গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করে এবং জনস্বার্থে সঠিক তথ্য প্রচার, উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বশীল ভূমিকা কামনা করেছে।

তথ্যসূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তি; আমার দেশ অনলাইন, ২২ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad