দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক র্যাংকিংয়ে অবস্থান উন্নীত করার পাশাপাশি দেশি-বিদেশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়—এমন শিক্ষাব্যবস্থা থেকে ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।
রোববার সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেমের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশের শিক্ষার্থীদেরও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরির পাশাপাশি কর্মসংস্থান উপযোগী মানবসম্পদ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
৪০০ প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ কার্যক্রমসাক্ষাৎকালে এনএসইউর প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তারা জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে এনএসইউ।
বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের প্রায় ৯৫ শতাংশ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলেও রাষ্ট্রপতিকে জানান প্রতিনিধিদলের সদস্যরা।
পূর্বাচলে নতুন ক্যাম্পাসের উন্নয়নকাজপ্রতিনিধিদল রাষ্ট্রপতিকে পূর্বাচলে এনএসইউর নতুন ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজ সম্পর্কে অবহিত করেন। প্রায় ৪০০ বিঘা জমির ওপর নির্মাণাধীন এ ক্যাম্পাসের অগ্রগতি এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা উল্লেখ করেন, ১৯৯৩ সালের ১০ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২৭তম সমাবর্তনে উপস্থিতির আশ্বাসসাক্ষাৎকালে এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান প্রতিনিধিদলের সদস্যরা।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে আরও ছিলেন এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ ও রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, ২২ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক