শনিবার সন্ধ্যায় মাদারীপুর জেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে শিবচর উপজেলার মুন্সীর বাজারের কাছে ঢাকা-নাওডোবা জাতীয় মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন ইয়াজ্জেম হোসেন রোমান। এ সময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ভাই তাপু চৌধুরী এবং শিবচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুর ব্যাপারীসহ ২৫ থেকে ৩০ জন তাঁর ওপর অতর্কিত হামলা করেন। একপর্যায়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তাপু চৌধুরী পিস্তল দিয়ে রোমানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তিনি সরে যাওয়ায় গুলি তাঁর শরীরে লাগেনি। পরে হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন বলে লিখিত অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় ২১ নভেম্বর শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইয়াজ্জেম হোসেন রোমান।
তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিসংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর হামলার অভিযোগের পরও দ্রুত মামলা গ্রহণ না করা হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে। তাঁরা অভিযোগটি তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপি মাদারীপুর জেলার যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব লায়ন আলমগীর হোসেন, জাতীয় যুবশক্তি মাদারীপুর জেলার আহ্বায়ক রিশাদ রাব্বি, সদস্য সচিব তৌহিদ আমিন এবং জাতীয় ছাত্রশক্তি মাদারীপুর জেলার আরিয়ান সায়েমসহ অন্যরা।
অভিযোগের বিষয়ে শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
শিবচর থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক