এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা ‘আমার দেশ’কে জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ লন্ডন সফর শেষে দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দলটিকে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে।
নাহিদ ইসলাম দেশে ফেরার পর বৈঠকের সময় নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা ও নাশকতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয় আলোচনায় আসতে পারে।
জামায়াতের সঙ্গে বৈঠক ২৭ বা ২৮ নভেম্বরএকাধিক রাজনৈতিক সূত্র জানিয়েছে, বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ ও বৈঠক আয়োজনের দায়িত্ব পালন করছেন বিএনপির একজন হুইপ। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। সে ক্ষেত্রে ২৭ অথবা ২৮ নভেম্বর জামায়াতের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ হতে পারে।
প্রধানমন্ত্রী দলগুলোর সঙ্গে যৌথভাবে বৈঠক করবেন, নাকি পৃথকভাবে আলোচনা করবেন—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট দলগুলোর সুবিধা ও পরিস্থিতি বিবেচনায় দুই ধরনের বৈঠকেরই সম্ভাবনা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার লক্ষ্যরাজনৈতিক সূত্রগুলোর ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা এবং জাতীয় পর্যায়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে একই প্ল্যাটফর্মে আনার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে দলগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর বিষয়টিও সংলাপে গুরুত্ব পেতে পারে।
এর আগে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতার মধ্যে বৈঠক হয়। পরে সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। সংসদে ওই বৈঠকের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপের উদ্যোগকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রথম দর্পণ,ডেস্ক