জামানতবিহীন ঋণে জোর, ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ দুপুর
  • ১০০৩১ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের ব্যাংকঋণ প্রাপ্তির জটিলতা কমাতে জামানতবিহীন ঋণ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ঋণপ্রাপ্তির প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণসুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রচলিত বাণিজ্যিক ঋণের সুদের হার ১৩ থেকে ১৪ শতাংশ হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামীকাল রোববার থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।

অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো উৎপাদন খরচ কম হওয়া এবং অধিক মূলধনের সুবিধায় বাজারে তুলনামূলকভাবে এগিয়ে থাকে। তবে সব খাতে বড় প্রতিষ্ঠানগুলোর আধিপত্য তৈরি হলে সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বার্থ সুরক্ষায় এসএমই বোর্ডকে বিশেষ সুপারিশমালা প্রণয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি উদ্যোক্তারা যাতে সহজে ঋণসীমা বা ক্রেডিট লিমিট সুবিধা পান, সে লক্ষ্যে বোর্ডকে সার্বিকভাবে পুনর্গঠন করা হচ্ছে।

২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে জামানত ও কঠিন শর্ত বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, ছয় লাখ বা ১২ লাখ টাকার মতো ছোট অঙ্কের ঋণ নিতে গিয়েও উদ্যোক্তাদের বড় ব্যাংকিং প্রক্রিয়া ও জামানতের বাধ্যবাধকতা পূরণ করতে হয়। এতে অনেক উদ্যোক্তার পক্ষে ঋণ সংগ্রহ কঠিন হয়ে পড়ে।

এ সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক একটি কর্মসূচি চালু করেছে। এর আওতায় নতুন উদ্যোক্তা ও স্টার্টআপের ব্যবসায়িক ধারণা ব্যাংকের কাছে গ্রহণযোগ্য ও বাস্তবায়নযোগ্য হলে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ থাকবে। এর মধ্যে ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে এবং বাকি ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে।

মন্ত্রী আরও জানান, ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মাধ্যমে সম্প্রতি ৫১১ জন উদ্যোক্তার মধ্যে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ এবং স্থানীয় কার্যালয়ের মাধ্যমে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছে।

আগামী দিনে জামানতবিহীন ঋণের পরিমাণ ও সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সহজ হচ্ছে বিএসটিআই সনদ

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণের অন্যতম বাধা বিএসটিআই সনদ গ্রহণের জটিলতা। এ বিষয়ে মন্ত্রী বলেন, রাজশাহী, পাবনা ও বিভিন্ন আঞ্চলিক এলাকা পরিদর্শনকালে উদ্যোক্তারা সনদপ্রাপ্তির জটিলতা ও ফি নিয়ে নানা সমস্যার কথা জানিয়েছেন।

বিশেষ করে আঞ্চলিক কার্যালয়গুলোর নির্দিষ্ট সনদ দেওয়ার ক্ষমতা না থাকায় উদ্যোক্তাদের ঢাকায় আসতে হয়। এ প্রশাসনিক বাধা দূর করতে কাজ চলছে। শিগগিরই এ বিষয়ে সহজ সমাধান আনা হবে বলে জানান তিনি।

এসএমই বোর্ডের নতুন ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, বেসরকারি খাত থেকে একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী জানুয়ারির শুরু থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

তথ্যসূত্র: ২১ নভেম্বর ২০২৬; শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad