শুক্রবার (২০ নভেম্বর) প্রকাশিত বক্তব্যে তিনি জানান, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বহুমাত্রিক কার্যক্রম রয়েছে। এসব কর্মকাণ্ডের অভিজ্ঞতা ও উদ্যোগ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক নীতিমালা প্রণয়নে অনুপ্রেরণা জোগাচ্ছে।
তিনি বলেন, করোনা মহামারির সময় ফাউন্ডেশনটি ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছিল। সেই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে সরকার গঠনের পর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের ২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিজ্ঞান উৎসব আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফাউন্ডেশনের বর্তমান বিজ্ঞানভিত্তিক আয়োজনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে সরকার আরও বৃহৎ পরিসরে উদ্যোগ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তরুণদের মেধা কাজে লাগাতে চায় সরকারতরুণ জনশক্তি ও শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা এবং সৃজনশীল চিন্তাকে আগামীর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন। তিনি বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক সুবিধাকে কাজে লাগানোর লক্ষ্যেই নির্বাচিত সরকার নীতিমালা প্রণয়ন করছে।
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানিতে বাংলাদেশিরা মেধা, প্রজ্ঞা ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের অভ্যন্তরেও এই মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চায় সরকার।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সম্ভাবনাময় প্রকল্পগুলোর পাশে দাঁড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রতি আহ্বান জানান তিনি। এসব প্রকল্প থেকে ভবিষ্যতে পেটেন্ট তৈরি, উদ্ভাবনী ধারণার বাণিজ্যিক ব্যবহার এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান বেরিয়ে আসতে পারে বলে মন্তব্য করেন মাহদী আমিন।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের যুগে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে।
প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় সংস্কারের উদ্যোগশিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত প্রতিটি স্তরে সংস্কার কার্যক্রম চলছে। এর দুটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক শিক্ষায় সমৃদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, এমন কর্মদক্ষতা তৈরি করা, যাতে তারা দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে নেতৃত্ব দিতে পারে কিংবা সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃত্ব প্রসঙ্গে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদের দীর্ঘ রক্তক্ষয়ী সময়ে নানা প্রতিকূলতা উপেক্ষা করেও প্রতিষ্ঠানটি মানুষের কল্যাণে কাজ করেছে।
গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বানগণতন্ত্র সুরক্ষা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা তুলে ধরে মাহদী আমিন বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত থাকতেই পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্র সুরক্ষায় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতা রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা জুলাই গণঅভ্যুত্থানে প্রমাণিত হয়েছে। গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জিয়াউর রহমানের উদ্যোগের স্মৃতিচারণশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ও চট্টগ্রামের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের সূচনাপর্বে শহীদ জিয়ার ভূমিকার সঙ্গে চট্টগ্রামের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এখানেই তিনি শাহাদাত বরণ করেন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা, বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি, নারী ও যুব উন্নয়নে পৃথক মন্ত্রণালয় গঠন, কোস্টগার্ড ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ ছিল জিয়াউর রহমানের দূরদর্শিতার পরিচায়ক। পাশাপাশি সার্ক প্রতিষ্ঠা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছিলেন। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাও তার রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
মাহদী আমিন বলেন, শহীদ জিয়াউর রহমানের সেই আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞান মেলা-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমন, চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী উমাশাহ উমায়ুন মনি চৌধুরী, সদস্য সচিব ডা. এস এম সারোয়ার আলমসহ বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রথম দর্পণ,ডেস্ক