যেকোনো মূল্যে অপশক্তির নৈরাজ্য রুখবে ১১ দল: মামুনুল হক

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ দুপুর
  • ১২৬৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধের ঘোষণা, প্রশাসনের আরও কার্যকর ভূমিকা চাইলেন জোটের নেতারা

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, পরাজিত ও আধিপত্যবাদী অপশক্তির তৎপরতা রুখে দেওয়ার কথা জানিয়েছেন জোটের নেতারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ অবস্থানের কথা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জুলাইয়ের ঐক্য অটুট রাখার আহ্বান

সংবাদ সম্মেলনে মামুনুল হক বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের পরিচয় নতুন করে তুলে ধরছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে বৈঠকে বসেছেন ১১ দলের নেতারা।

তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী, বিতাড়িত, পরাজিত ও আধিপত্যবাদী শক্তির মদদপুষ্ট অপশক্তিকে রুখতে হবে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে তাদের মোকাবিলা করা হবে।

মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল সৃষ্টি হলে দেশ দুর্বলতার দিকে ঠেলে যেতে পারে। তাই জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখা জরুরি।

প্রশাসনের আরও কার্যকর ভূমিকার প্রত্যাশা

দেশের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে মামুনুল হক বলেন, প্রশাসন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও সজাগ ভূমিকা রাখতে হবে।

সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানির বিষয়ে তিনি দাবি করেন, নিহত ব্যক্তিরা পরাজিত শক্তির হামলার শিকার হয়েছেন। তবে এ পরিস্থিতিতে প্রশাসনের ব্যর্থতা রয়েছে বলে তিনি মনে করেন না।

সরকারের ভূমিকা নিয়ে মূল্যায়ন

বর্তমান সরকারের ভূমিকার বিষয়ে মামুনুল হক বলেন, মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ডে সরকারের মনোভাবের প্রতিফলন ঘটে। বিগত সরকার ইসলামপন্থিদের দমনে কঠোর অবস্থান নিয়েছিল। তবে বর্তমান সরকার বিরোধী মত দমনের ক্ষেত্রে ততটা নৃশংস নয় বলে মন্তব্য করেন তিনি। সরকারের অবস্থান আরও ভালোভাবে মূল্যায়নের জন্য সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতা অলি আহমদ, রাশেদ প্রধান, মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad