ফটিকছড়িতে এনসিপি নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ দুপুর
  • ১১৬৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ছেলেকে বাঁচাতে গিয়ে আহত বাবা, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ভুক্তভোগী

চট্টগ্রামের ফটিকছড়িতে শাহারিয়ার নাফিজ শুভ (২১) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়জুল হক সাকিবের বিরুদ্ধে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবাও। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগানবাজার ইউনিয়নের বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শাহারিয়ার নাফিজ শুভ ফটিকছড়ি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব হলুদিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব। অভিযুক্ত ফয়জুল হক সাকিব (২২) বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনবিরোধী মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি সাকিবের নেতৃত্বে বড়বিল বাজারে পৌঁছালে শুভকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর বাবাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শুভ অভিযোগ করে বলেন, ছাত্রদলের আওয়ামী লীগবিরোধী মিছিলকে তাঁরা স্বাগত জানিয়েছেন। কিন্তু প্রকাশ্য বাজারে তাঁকে ও তাঁর বাবাকে এভাবে মারধর করা হবে, তা ভাবেননি। তাঁর দাবি, তাঁর বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি কখনো ছাত্রলীগ করেননি। জুলাই আন্দোলনেও তিনি রাজপথে ভূমিকা রেখেছেন।

তবে মারধরের অভিযোগ স্বীকার করে ফয়জুল হক সাকিব বলেন, শুভ ছাত্রলীগের একজনকে বাঁচিয়েছেন, এ কারণে তাঁকে মারধর করেছেন। শুভ নিজেও ছাত্রলীগ করতেন এবং সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাজুর সঙ্গে চলাফেরা করতেন বলে দাবি করেন তিনি। সাকিবের ভাষ্য, এ সময় তাঁরাও তাঁকে মারধর করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব ও শুভ দুজনই সাবেক চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন সাজুর সঙ্গে চলাফেরা করতেন। বিগত সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সাজু।

এ বিষয়ে বাগানবাজার ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার হুসাইন মুহাম্মদ এনামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক জানান, বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহরিয়ার শুভ নামে এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad