বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ দুপুর
  • ১০৭৭০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ, ১৬ ডিসেম্বর দেশজুড়ে বিজয় র‍্যালি

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মহান বিজয় দিবস সামনে রেখে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর ঢাকায় প্রতিবাদ সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। ডিসেম্বরজুড়ে আলোচনা সভা, বিজয় র‍্যালি, সামাজিক কার্যক্রম, রক্তদান, মেডিকেল ক্যাম্প এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে দলটির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট, সহিংসতা ও বিশৃঙ্খলার পেছনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের রায় উপেক্ষা করে সরকারের একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা দায়ী।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যে পৌঁছেছিল। সনদে স্বাক্ষরের পর গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ক্ষমতাসীন দল সেই গণরায় উপেক্ষা করছে। এতে জনগণের প্রত্যাশা ও সরকারের অবস্থানের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, যা রাজনৈতিক আস্থার সংকটকে আরও বাড়িয়েছে।

নভেম্বরের কর্মসূচি

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ নভেম্বর ঢাকায় সন্ত্রাস-নাশকতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল করবে জামায়াত। বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২৫ নভেম্বর ঢাকা ছাড়া দেশের ১১টি মহানগরে একই দাবিতে সমাবেশ ও মিছিল করবে দলটি। একই দিন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় মানববন্ধন করবে জামায়াতের মহিলা বিভাগ।

এ ছাড়া ২৬ নভেম্বর জেলা সদরে এবং ৩০ নভেম্বর উপজেলা ও থানা সদরে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছে। ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা করবে দলটি।

ডিসেম্বরজুড়ে আলোচনা সভা ও বিজয় র‍্যালি

ডিসেম্বরের কর্মসূচির মধ্যে রয়েছে ২ ডিসেম্বর পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস এবং ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা করবে জামায়াত।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা এবং ১৩ ডিসেম্বর ব্যবসায়ী সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে দলটি।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর ঢাকায় আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি করবে জামায়াত।

এ ছাড়া ১৯ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান বিন হাদির শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া, ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শেষ সপ্তাহে সামাজিক কার্যক্রম

ঘোষিত কর্মসূচির শেষ পর্যায়ে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে জামায়াত।

সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম ও হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad