টুঙ্গিপাড়ায় থানা ও পুলিশ ব্যারাকে হামলা-অগ্নিসংযোগ, সংসদ সদস্যের কার্যালয়েও আগুন; সড়ক অবরোধে ঢাকা-খুলনা যোগাযোগ ব্যাহত
গোপালগঞ্জে ফের সহিংসতা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। কাশিয়ানীতে এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিনভর জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি ছিল।
আহত পুলিশ সদস্যের নাম আবু আলম। তিনি বরগুনা পুলিশ লাইনস থেকে কাশিয়ানীতে দায়িত্ব পালনের জন্য এসেছিলেন। বুধবার বেলা ১১টার দিকে কাশিয়ানী পাইলট স্কুলের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ পরিদর্শক আবু আলম তাদের সামনে ছিলেন। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন।
### টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় সহিংসতার সূত্রপাত হয় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটকের পর। তাদের আটকের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন। মঙ্গলবার সন্ধ্যার পর মাইকিং করে লোকজন জড়ো করা হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা থানার সামনে থাকা গাড়িতে আগুন দেন এবং থানা ও পুলিশ ব্যারাকে হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান।
পুলিশের অভিযোগ, দেশীয় অস্ত্র নিয়ে থানায় প্রবেশ করে হামলাকারীরা পুলিশের চারটি গাড়িতে আগুন দেন। থানা ও ব্যারাকেও অগ্নিসংযোগ করা হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায়। বিভিন্ন সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়।
এরপর গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ তাঁর স্বজনদের ১০ থেকে ১৫টি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কে ব্যারিকেড থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি অনেক এলাকায় পৌঁছাতে পারেনি। টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়।
গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে যৌথ বাহিনীর সদস্যরাও বাধার মুখে পড়েন। এ সময় সংঘর্ষের একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয়টি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
### বিভিন্ন স্থানে ভাঙচুর ও আগুন
এদিকে মঙ্গলবার রাতে সদর উপজেলার বৌলতলীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রতিবেদনে এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
কাশিয়ানী থানার ওসি সাজেদুর রহমান আরও জানান, কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কাশিয়ানী গ্রামীণ ব্যাংক কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে।
থমথমে পরিস্থিতি, কম ছিল শিক্ষার্থীদের উপস্থিতি
বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলা শহরের কিছু এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। বিভিন্ন এলাকায় আগের রাতের ঘটনা নিয়ে আলোচনা চললেও প্রকাশ্যে কথা বলতে অনেকে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
সকালে জেলা শহর ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা চোখে পড়েনি। তবে বেলা ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবি সদস্য ও কয়েকটি গাড়ি দেখা যায়। কার্যালয়ের ফটকে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সহিংসতার এসব ঘটনায় পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পুলিশের পক্ষ থেকে অভিযোগ দায়েরের তথ্যও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
### মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার বিকেল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে গোপালগঞ্জের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ছাড়া দেশীয় অস্ত্র নিয়ে লকডাউনের পক্ষে শোডাউন, মাইকিং এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়। প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে ওই ভাষণ প্রচার করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানানোর ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ব্যানার টানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিএনপির আহ্বায়কের অভিযোগ
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালাচ্ছেন। এতে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।
বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও তাঁদের বাড়িঘর-প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ করেন। টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের পাশাপাশি বিজিবি সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক