সাভারে নাগরিক সমাবেশে শেখ হাসিনার বিচার কার্যকরের দাবি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের আহ্বান
ফ্যাসিবাদী শক্তি দেশে ফিরে আসার চেষ্টা করলে জুলাইয়ের যোদ্ধারা তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। দেশের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে এ ক্ষেত্রে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সাভারে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শেখ হাসিনার কঠোর সমালোচনা করে মামুনুল হক বলেন, শাপলা চত্বর ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার ভূমিকা নিয়ে বিচার হওয়া প্রয়োজন। তিনি তাঁকে ‘লেডি কিলার’ আখ্যা দিয়ে বলেন, দেশ থেকে বিতাড়িত হয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।
আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বিচার হবে এবং তাঁর বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেন তিনি। দেশবাসী সেই রায় কার্যকর হতে দেখতে চায় বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের স্বজনেরা তাঁদের সন্তানদের হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন। তবে বিচারপ্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কোনো নিরীহ ও ভালো আওয়ামী লীগ নেতাকর্মী থাকলে তাঁদের রাজনীতি করার সুযোগ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে মামুনুল হক বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হলে আল্লাহ প্রদত্ত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী, সহসভাপতি মুফতি শাহেদ জাহিরী, মুফতি সুলতান মাহমুদ ও মুফতি মাহমুদুল হাসান আওলাদ, সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রথম দর্পণ,ডেস্ক