চলতি মাসেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০১:৪৫ দুপুর
  • ৯৮৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুটে উড়বে বিমান ও এয়ারএশিয়া; উদ্বোধনের অপেক্ষায় প্রস্তুত বিমানবন্দর

চলতি নভেম্বর মাসেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকা-কক্সবাজার-মাসকাট রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্যদিকে, কক্সবাজার-পেনাং রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়ার এয়ারএশিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধনের সময় দিলেই আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্প্রতি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দিয়ে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছেন। গত ১২ অক্টোবর মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

সভায় জানানো হয়, কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরের নতুন যাত্রী টার্মিনাল নির্মাণ এবং রানওয়ে মেরামতের কাজ শেষ হয়েছে। আন্তর্জাতিক যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য অফিসের জায়গাও বরাদ্দ দেওয়া হয়েছে।

বেবিচক সভায় জানায়, আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমানবন্দরটি প্রস্তুত। এ বিষয়ে বেবিচকের সদস্য (এটিএম) মো. নূর-ই আলম আমার দেশকে বলেন, কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তিনি সময় দিলেই কার্যক্রম শুরু হবে।

প্রথম ধাপে মাসকাট ও পেনাং রুট

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, নভেম্বর থেকেই ঢাকা-কক্সবাজার-মাসকাট এবং মাসকাট-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে একটি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থা কার্যকর হলে কক্সবাজার থেকেই মধ্যপ্রাচ্যে সরাসরি যাতায়াতের সুযোগ তৈরি হবে।

অন্যদিকে, এয়ারএশিয়া কক্সবাজার-পেনাং এবং পেনাং-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে সভায় জানানো হয়। এর মাধ্যমে মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে কক্সবাজারের সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে।

দুবাই, ব্যাংকক ও ফুকেটেও আগ্রহ

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে আরও কয়েকটি এয়ারলাইনস। সভায় ফ্লাই দুবাইয়ের প্রতিনিধি দুবাই-ব্যাংকক-কক্সবাজার এবং কক্সবাজার-ব্যাংকক-দুবাই রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনার কথা জানান। পরবর্তী সময়ে কক্সবাজার-ফুকেট ও ফুকেট-কক্সবাজার রুটেও ফ্লাইট চালুর আগ্রহ রয়েছে প্রতিষ্ঠানটির।

এ ছাড়া এয়ার অ্যাস্ট্রা কক্সবাজার থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা জানিয়েছে। তবে এ বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

পর্যটক টানতে বিশেষ প্যাকেজের প্রস্তাব

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এয়ারপোর্ট অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে দেশি-বিদেশি পর্যটক ও এয়ারলাইনসকে আকৃষ্ট করতে হোটেল ও বিমানভাড়ার সমন্বয়ে বিশেষ প্যাকেজ, সুযোগ-সুবিধা ও ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সভায় এয়ারলাইনস প্রতিনিধিরাও এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় এয়ারলাইনসগুলোকে আকৃষ্ট করতে একটি ধারণাপত্র তৈরির সিদ্ধান্ত হয়েছে। এতে সম্ভাব্য পর্যটক চাহিদা, সমন্বিত পর্যটন প্যাকেজ এবং বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়ন কৌশল পর্যালোচনা করা হবে।

একই সঙ্গে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রস্তুতি ও পরিকল্পনা দ্রুত মন্ত্রণালয়কে জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে বলা হয়েছে।

পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে সম্ভাবনা

কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে। এতে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, পরিবহনসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সরাসরি আকাশ যোগাযোগ প্রতিষ্ঠিত হলে বিদেশি পর্যটকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতও সহজ হবে।

তবে এ উদ্যোগের সুফল পেতে নিয়মিত ফ্লাইট পরিচালনা, যাত্রী চাহিদা অনুযায়ী রুট নির্ধারণ, প্রতিযোগিতামূলক ভাড়া এবং মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে কক্সবাজার দেশের পর্যটন ও আন্তর্জাতিক বিমান যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad