পবিত্র কুরআনের আয়াতুল কুরসি খোদাই করা ঐতিহাসিক পান্নার লকেট পরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এ ঘটনায় সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্যের আপত্তির পরিপ্রেক্ষিতে তাঁকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, দীপাবলি উপলক্ষে বিশেষ সাজে হাজির হয়েছিলেন কারিনা। এ সময় ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে একই রঙের পাগড়ি পরেন তিনি। পাগড়িতে ছিল একটি ঐতিহাসিক কলগি, যা তাঁর স্বামী সাইফ আলী খান বিয়ের দিন পরেছিলেন।
তবে কারিনার সাজে সবচেয়ে বেশি আলোচনায় আসে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট। এতে পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত—আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।
ভোপালের রাজপরিবারের ঐতিহাসিক গয়না
গয়নাটি একসময় ভোপালের বেগমের ছিল। সাইফ আলী খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি কারিনার কাছে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর ইনস্টাগ্রামে গয়নাটির ইতিহাস তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কারিনার পরনে ছিল পুনিত বালানার তৈরি কাফতান ও পাগড়ি। এর সঙ্গে ছিল ভোপালের নবাবের প্রায় ২০০ বছরের পুরোনো কলগি এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্নার লকেট, যাতে আয়াতুল কুরসি খোদাই করা।
রিয়া আরও জানান, অলংকারগুলো সাইফ আলী খানের পরিবারের উত্তরাধিকার সূত্রে পাওয়া। তাঁর দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের মেয়ে।
এদিকে কারিনাও ইনস্টাগ্রামে নিজের সাজের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদ্যাপন করা।’
তবে ঐতিহাসিক এই গয়না পরাকে কেন্দ্র করে আপত্তি ওঠার পর কারিনাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের বিস্তারিত বিষয়বস্তু বা এ বিষয়ে কারিনা কিংবা তাঁর প্রতিনিধিদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
তথ্যসূত্র: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি; আজকের পত্রিকা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স