বিদ্যালয়ের পাশেই ময়লার স্তূপ, স্বাস্থ্যঝুঁকিতে ৪১২ শিক্ষার্থী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৫ বিকাল
  • ১০৪১০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
গাইবান্ধা পৌর এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই দীর্ঘদিন ধরে জমে রয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। কোথাও জমে আছে নোংরা পানি, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্য। এতে বিদ্যালয়ের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ৪১২ শিক্ষার্থীর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

বিদ্যালয়টি ১ একর ৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত। এখানে ১১ জন শিক্ষক ও ৪১২ জন শিক্ষার্থী রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সামনের খোলা জায়গায় দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকলেও তা অপসারণে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

সরেজমিনের চিত্রে দেখা যায়, বিদ্যালয়সংলগ্ন এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিন, কাগজসহ বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে রয়েছে। কোথাও জমে আছে নোংরা পানি। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা-মাছির বংশবিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে জমে থাকা পানিতে মশার প্রজনন হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে।

এমন অপরিচ্ছন্ন পরিবেশে প্রতিদিন বিদ্যালয়ে আসা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিরা। তাঁদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এমন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়।

স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যালয়সংলগ্ন এলাকার ময়লা-আবর্জনা অপসারণ, জমে থাকা পানি নিষ্কাশন এবং ভবিষ্যতে সেখানে বর্জ্য জমা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ জন্য গাইবান্ধা পৌরসভা ও সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আজিজা বেগম বলেন, ‘আমরা বিদ্যালয়টি পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি।’

গাইবান্ধা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান মুঠোফোনে জানান, বিদ্যালয়ের ক্যাম্পাসের পুকুর নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে একটি মামলা চলমান রয়েছে। এ কারণে তাঁরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।

তবে মামলার জটিলতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে দ্রুত বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad