মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকায় আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
ঘটনার তিন মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ১০ থেকে ১২ জন তরুণকে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করতে দেখা যায়। এ সময় সড়কের দুই পাশে কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা যায়। অবরোধকারীদের স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কে ইট ফেলে প্রতিবন্ধকতা তৈরির দৃশ্যও ভিডিওতে রয়েছে।
পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা সেখান থেকে সরে যান। এ ঘটনায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পৌঁছানোর আগেই অবরোধকারীরা পালিয়ে যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক