জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে বিশ্বনেতাদের ঐতিহাসিক উদ্যোগ, ২০৩৫ সালের লক্ষ্য বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩০ দুপুর
  • ১০২৬০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে বিশ্ব অর্থনীতির বিদ্যুতায়ন ত্বরান্বিত করতে বড় ধরনের বৈশ্বিক উদ্যোগ নিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর সভাপতিত্ব। এ উদ্যোগের আওতায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ বর্তমানের প্রায় ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনের কার্যক্রমের অংশ হিসেবে ‘কপ৩১ গ্লোবাল ইলেকট্রিফিকেশন প্লেজ’ নামে এ বৈশ্বিক অঙ্গীকারের ঘোষণা দেওয়া হয়। এতে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন। পরিবহন, ভবন ও শিল্প খাতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জ্বালানি ব্যয় কমানো, বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা এবং বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাস করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বিদ্যুতায়নে বৈশ্বিক লক্ষ্যমাত্রা

কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম বলেন, ২০৩৫ সালের মধ্যে মোট জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ অত্যন্ত জরুরি। কারণ, বিদ্যুতায়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে এত দিন সুস্পষ্ট কোনো বৈশ্বিক লক্ষ্যমাত্রা ছিল না।

তিনি বলেন, চলতি বছরের জ্বালানি সংকট বিভিন্ন দেশকে জ্বালানি আমদানিনির্ভরতার ঝুঁকি নতুন করে উপলব্ধি করতে বাধ্য করেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কার্বন নিঃসরণ কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্ব অর্থনীতির বিদ্যুতায়ন এখন অপরিহার্য। তাঁর ভাষায়, ‘বিদ্যুতের যুগের সূচনা হচ্ছে।’

কপ৩১-এর আলোচনার সভাপতি ক্রিস বোয়েন বলেন, বিদ্যুতায়নের গতি বাড়ানোর পাশাপাশি তা বাস্তবায়নে কার্যকর পরিকল্পনা তৈরি করতে সম্মেলনে ব্যাপক সমর্থন আদায়ের চেষ্টা চলছে। পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন, শক্তিশালী বিদ্যুৎ গ্রিড এবং বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা গেলে পরিবার, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং নিঃসরণ কমবে।

তবে এ লক্ষ্য অর্জনে পর্যাপ্ত বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর নীতিমালা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অর্থায়নে নতুন আন্তর্জাতিক জোট

বিদ্যুতায়ন কার্যক্রমে অর্থায়ন বাড়াতে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সহসভাপতিত্বে ‘ইলেকট্রিফাই নাউ ফাইন্যান্স কোয়ালিশন’ নামে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ জোটে বিভিন্ন দেশের সরকার, উন্নয়ন ব্যাংক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হবে। ২০২৭ সালে বিশ্বব্যাংক ও আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রথম দুই সহসভাপতির দায়িত্ব পালন করবে। উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিদ্যুতায়ন প্রকল্পের জন্য অর্থায়ন সহজ করাই জোটটির প্রধান উদ্দেশ্য।

এদিকে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউটিলিটিজ ফর নেট জিরো অ্যালায়েন্স (ইউএনইজেডএ)। সংস্থাটি বিদ্যুৎ গ্রিড, নবায়নযোগ্য জ্বালানি ও বিদ্যুৎ সংরক্ষণ খাতে বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলার করেছে।

এসএসই পিএলসির প্রধান নির্বাহী ও ইউএনইজেডএর সহসভাপতি মার্টিন পিবওয়ার্থ বলেন, পরিচ্ছন্ন বিদ্যুতায়ন শুধু কার্বন নিঃসরণ কমানোর উপায় নয়; এটি বিদ্যুতের বিল কমানো এবং জ্বালানি নিরাপত্তা ও সহনশীলতা বাড়ানোরও কার্যকর মাধ্যম।

বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে আইইএ

বিশ্বব্যাপী বিদ্যুতায়নের অগ্রগতি পর্যবেক্ষণে ‘গ্লোবাল ইলেকট্রিফিকেশন ট্র্যাকিং মেকানিজম’ চালুর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন, বিদ্যুৎচালিত প্রযুক্তি অনেক ক্ষেত্রে ব্যয়-প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠেছে। একই সঙ্গে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর নিরাপত্তা বাড়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে প্রথম ‘ইলেকট্রিফিকেশন ফোরাম’ আয়োজন করছে কপ৩১-এর সভাপতিত্ব। সম্মেলন শেষ হওয়ার পরও সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও অর্থায়নকারীদের অংশগ্রহণে ফোরামটির কার্যক্রম অব্যাহত থাকবে। কপ৩১-এর সভাপতিত্বে গঠিত ইলেকট্রিফিকেশন বোর্ড এটি পরিচালনা করবে এবং আইইএ সচিবালয়ের দায়িত্ব পালন করবে।

অন্যদিকে, আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (আইরিনা) উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ বিতরণব্যবস্থা শক্তিশালী করতে ‘এনাবলিং ডিস্ট্রিবিউশন গ্রিডস ফর ইলেকট্রিফিকেশন’ বা ডি-গ্রিডস কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে। এর আওতায় বিদ্যুৎ গ্রিডে বিনিয়োগের প্রয়োজন নিরূপণ, প্রকল্প প্রস্তুত এবং অর্থায়ন সংগ্রহে দেশগুলোকে সহযোগিতা দেওয়া হবে।

১৮০টির বেশি কোম্পানির সমর্থন

বিশ্বের বেসরকারি খাত থেকেও এ উদ্যোগে ব্যাপক সমর্থন এসেছে। উই মিন বিজনেস কোয়ালিশনের উদ্যোগে ভলভো, উবার, আইকিয়া ও সিমেন্সসহ ১৮০টির বেশি কোম্পানি বিদ্যুতায়নের এ অঙ্গীকারে সমর্থন জানিয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বার্ষিক আয় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলারের বেশি।

কোয়ালিশনের প্রধান নির্বাহী মারিয়া মেন্ডিলুসে বলেন, বিদ্যুতায়ন বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তনে পরিণত হচ্ছে। যেসব দেশ বিদ্যুতায়নকে সাশ্রয়ী ও বাণিজ্যিকভাবে কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নেবে, তারা ভবিষ্যতে শিল্প বিনিয়োগ আকর্ষণে এগিয়ে থাকবে। অন্যদিকে পিছিয়ে থাকা দেশগুলো দীর্ঘ মেয়াদে বিনিয়োগের সুযোগ হারাতে পারে।

এ ছাড়া পণ্য পরিবহনে পরিবেশবান্ধব ও অধিক সহনশীল করিডর গড়ে তুলতে আন্তর্জাতিক পরিবহন ফোরামের সঙ্গে যৌথভাবে ‘গ্লোবাল গ্রিন ফ্রেইট করিডরস ইনিশিয়েটিভ’ চালু করছে কপ৩১-এর সভাপতিত্ব।

উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সম্ভাবনা

উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর বিদ্যুতায়নের সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরে ‘দ্য ইলেকট্রিফিকেশন অপরচুনিটি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তুরস্ক ও অস্ট্রেলিয়া যৌথভাবে সাসটেইনেবল এনার্জি ফর অলের (এসইফরঅল) সহযোগিতায় প্রতিবেদনটি তৈরি করেছে।

সংস্থাটির প্রধান নির্বাহী ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি ডামিলোলা ওগুনবিই বলেন, বিদ্যুতায়ন শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জ্বালানি স্বনির্ভরতা বাড়ানোর সুযোগ তৈরি করে।

এদিকে বিদ্যুতায়নের অর্থনৈতিক সম্ভাবনা ও অর্থায়ন নিয়ে দুটি নীতিপত্র তৈরিতে সহযোগিতা করছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)। সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস কোরম্যান বলেন, বিশ্বজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড ও সংরক্ষণব্যবস্থায় উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। এ জন্য পূর্বানুমানযোগ্য নীতি, কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা এবং বিনিয়োগযোগ্য প্রকল্প নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন কপ৩১ গত ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে। দুই সপ্তাহব্যাপী এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে বিদ্যুতায়নের পাশাপাশি জলবায়ু কার্যক্রমের অগ্রগতি, অর্থায়ন ও বাস্তবায়নসংক্রান্ত ঘাটতি নিয়েও আলোচনা হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad