নগদ বৈদেশিক মুদ্রা নিরাপদে সংরক্ষণ এবং পরিবহনের ঝুঁকি কমাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, এসব হিসাব শুধু বৈদেশিক মুদ্রার নোট নিরাপদে সংরক্ষণ, জমা ও উত্তোলনের কাজে ব্যবহার করা যাবে। হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হবে না। নির্ধারিত সীমা নির্বিশেষে ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ও ধরন যথাযথভাবে নথিভুক্ত রাখার শর্তে এসব হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখা যাবে।
নিরাপত্তা নিশ্চিত করতে মানি চেঞ্জারদের নগদ অর্থ পরিবহনের জন্য বৈধ ক্যাশ-ইন-ট্রানজিট (সিআইটি) বিমা রাখতে হবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা পরিবহনের ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত সিআইটি সেবা প্রদানকারী অথবা নিরাপত্তা প্রহরীসহ নিরাপদ পরিবহনব্যবস্থা ব্যবহার করতে হবে।
দিনের শেষভাগে বৈদেশিক মুদ্রা জমা দেওয়ার সুবিধার্থে এডি ব্যাংকগুলোকে নিরাপদ কাউন্টার ও অস্থায়ী ভল্টের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উত্তোলনে থাকছে নির্দিষ্ট শর্তকেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে চেক বা উত্তোলন স্লিপের বিপরীতে এসব হিসাব থেকে অর্থ তোলা যাবে। তবে উত্তোলনের পরিমাণ সংশ্লিষ্ট হিসাবের স্থিতির মধ্যে সীমাবদ্ধ থাকবে। এ ক্ষেত্রে কোনো ওভারড্রাফট বা ঋণসুবিধা দেওয়া যাবে না।
এ ছাড়া কাস্টডিয়াল হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তর, রেমিট্যান্স পাঠানো এবং তৃতীয় পক্ষের অনুকূলে লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এসব হিসাবের সব লেনদেন বৈদেশিক মুদ্রার নোটের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের মূল লক্ষ্য নগদ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিবহনে নিরাপত্তা বাড়ানো এবং মানি চেঞ্জারদের লেনদেনের ক্ষেত্রে যথাযথ নথিপত্র সংরক্ষণ নিশ্চিত করা।

প্রথম দর্পণ,ডেস্ক