গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গেলে এলাকায় স্বস্তি ফিরে আসে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও শিল্প পুলিশ। তাঁদের সঙ্গে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির ১১ প্লাটুন সদস্যও দায়িত্ব পালন করেন।
এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানসহ বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তাঁদের তৎপরতার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নিয়ে সরে যান।
বেলা দেড়টায় প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, ‘আমরা শ্রমিকদের পাশে আছি। তাঁদের বেতন বৃদ্ধিতে সরকার আন্তরিক হয়ে মজুরি বোর্ড গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা ধ্বংসাত্মক কাজ বন্ধ করে আসুন, একসঙ্গে বসে পরামর্শ করি।’
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, মঙ্গলবার সকালে আন্দোলনকারীরা রাজপথে নামার চেষ্টা করলে যৌথভাবে তাঁদের প্রতিহত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা পিছু হটে যাওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক