এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিম সাহারাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা মরক্কো। তবে মরক্কোর বিরোধী পক্ষ এবং আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব গুতেরেস জানান, আগামী ১ নভেম্বর থেকে মিনুরসো মিশনের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এ পর্যায়ে মিশনের সরঞ্জাম ও সম্পদ সংশ্লিষ্ট সেনা ও সদস্য পাঠানো দেশগুলোতে ফিরিয়ে নেওয়া হবে।
স্বাধীনতার দাবিতে দীর্ঘদিনের সংঘাত
১৯৭৬ সালে সাবেক ঔপনিবেশিক শক্তি স্পেন পশ্চিম সাহারা ছেড়ে যাওয়ার পর থেকেই অঞ্চলটিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে আসছে পলিসারিও ফ্রন্ট।
১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর পশ্চিম সাহারায় মোতায়েন করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মিনুরসো। যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি অঞ্চলটিতে গণভোট আয়োজনের দায়িত্বও ছিল মিশনটির। তবে ভোটার কারা হবেন, তা নিয়ে মরক্কো ও পলিসারিও ফ্রন্টের বিরোধের কারণে দীর্ঘ ৩৫ বছরেও গণভোট আয়োজন সম্ভব হয়নি।
নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিরোধ
পশ্চিম সাহারা সংকট সমাধানে গত বছর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এতে মরক্কোর দেওয়া স্বায়ত্তশাসন পরিকল্পনাকে সংঘাত নিরসনের সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই পরিকল্পনায় মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারাকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে।
গত বছরের ভোটাভুটিতে বিরত থাকলেও এবার যুক্তরাষ্ট্র-সমর্থিত আরেকটি প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। ওই প্রস্তাবে মরক্কোর পরিকল্পনার প্রতি জাতিসংঘের সমর্থন আরও জোরদার করার পাশাপাশি শান্তিরক্ষা মিশনের পরিসর কমানোর কথা ছিল।
এরপর নিরাপত্তা পরিষদে রাশিয়ার পাল্টা প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়। ফলে নতুন করে ম্যান্ডেট অনুমোদন ছাড়াই মেয়াদ শেষ হয় মিনুরসো মিশনের।
মরক্কোর স্বাগত, আলজেরিয়ার উদ্বেগ
মিশনের মেয়াদ নবায়ন না হওয়াকে স্বাগত জানিয়েছে মরক্কোর রাজপ্রাসাদ। এক বিবৃতিতে দেশটি বলেছে, এ সিদ্ধান্ত পশ্চিম সাহারা ইস্যুকে নিরাপত্তা পরিষদের বিবেচনার বাইরে নিয়ে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
অন্যদিকে, শনিবার আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মিশনের মেয়াদ নবায়ন না হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এ পরিস্থিতির জন্য মরক্কোর অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত পক্ষপাতকে দায়ী করেছে দেশটি।
পলিসারিও ফ্রন্টও এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদের বৈঠকে সৃষ্ট অচলাবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে।
দীর্ঘদিনের যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও গণভোট আয়োজনের দায়িত্বে থাকা মিনুরসো মিশন গুটিয়ে নেওয়ার উদ্যোগে পশ্চিম সাহারার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স;।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক