বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিরাজগঞ্জ পৌর শহরের এসবি ফজলুল হক রোডের হরিজন কলোনিতে এ কর্মসূচির আয়োজন করে সিরাজগঞ্জ সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) এনজিও। এসকেএস ফাউন্ডেশনের সহায়তায় FANSA Bangladesh-এর রাইটস প্রকল্পের আওতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand-washing Hero)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুক এনজিওর নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি স্বাগত বক্তব্যে দিবসটি পালনের উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. হেলাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন FANSA Bangladesh-এর সিরাজগঞ্জ জেলা নেটওয়ার্কের সদস্য দীপসেতুর সহকারী মহাব্যবস্থাপক এস এম শহীদুল ইসলাম এবং জেলা হরিজন সম্প্রদায়ের সেক্রেটারি সুমন হেলা। এ সময় সুক এনজিওর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে হরিজন সম্প্রদায়ের প্রায় শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণী অংশ নেন। তাঁদের সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অনুশীলন করানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিষ্কার পানি ও সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো যায়। বিশেষ করে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়ার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার ও সমাজের সব পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি