ফুলবাড়ীয়ায় বিদ্যালয়ের মাঠ চিরে জোরপূর্বক রাস্তা নির্মাণ, আতঙ্কে শিক্ষার্থীরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ দুপুর
  • ২৯৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এলজিইডির একটি সড়ক বন্ধ করে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে জোরপূর্বক নতুন রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। বিদ্যালয় চলাকালে দেশীয় অস্ত্র হাতে শতাধিক লোকজন নিয়ে মাঠ দখল করে রাস্তা নির্মাণের অভিযোগে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর সুপের পাড় এলাকায় হোসেনিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া এলজিইডির সড়কটি বন্ধ করে দিয়ে মাঠের মাঝ বরাবর নতুন রাস্তা তৈরি করা হয়েছে।

প্রশাসনকে আগেই জানানো হয়েছিল

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, নমজ আলী গংরা বিদ্যালয়ের পাশের এলজিইডির সড়কটি বন্ধ করে মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। এ নিয়ে কয়েক মাস ধরে পাঁয়তারা চলছিল। বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

প্রধান শিক্ষক বলেন, এলজিইডির সড়ক বন্ধ করার পাশাপাশি বিদ্যালয়ের প্রধান গেটও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনকে বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ার মধ্যেই বৃহস্পতিবার দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে মাঠ দখল করে রাস্তা নির্মাণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য, মাঠের মাঝখান দিয়ে রাস্তা হলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হবে। রাস্তার ওপারে বিদ্যালয়ের একটি ভবন রয়েছে। নতুন রাস্তার কারণে ভবনটি অরক্ষিত হয়ে পড়ার পাশাপাশি ভবিষ্যতে সেটি জবরদখলের আশঙ্কাও রয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক

বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা বলেন, রাস্তা নির্মাণের সময় দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরকারি সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণ করায় শিক্ষা কার্যক্রমও ব্যাহত হবে।

নবম শ্রেণির শিক্ষার্থী তানজিলা আকতার জানায়, রাস্তা নির্মাণের সময় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে মাঠে অবস্থান করায় তারা ভীত হয়ে পড়ে। বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা থাকলে লেখাপড়ায় সমস্যা হবে। সে এলজিইডির সড়ক দখলমুক্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের জমি নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে নমজ আলী গংরা দেশীয় অস্ত্র হাতে শতাধিক লোকজন নিয়ে বিদ্যালয়ে আসেন এবং পরে মাঠ দখল করে রাস্তা নির্মাণ করেন।

তাদের দাবি, বিদ্যালয় চলাকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও ঘটনাস্থলে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা দেখা যায়নি। দীর্ঘদিন ধরে বিরোধের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও সময়মতো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

প্রশাসনের বক্তব্য

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ বলেন, এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের বিষয়টি মেনে নেওয়া যায় না। বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান বলেন, কোনো সরকারি স্থাপনা জবরদখল হলে তা উদ্ধারে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিয়ে থাকে। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

তবে স্থানীয়দের দাবি, ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সরকারি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেননি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad