স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই গরমের অনুভূতি কিছুটা কমে আসে। এরপর থেকে অনেকে রাতে পাতলা কাঁথা বা কম্বল ব্যবহার করছেন। বাইরে বের হওয়ার সময় কেউ কেউ ফুলহাতা শার্ট ও অপেক্ষাকৃত মোটা কাপড়ও পরছেন।
স্থানীয় বাসিন্দা রশিদুল ইসলাম ও অমিত হাসান বলেন, কয়েক দিন ধরে সন্ধ্যার পর গরমের অনুভূতি কমে গেছে। এ কারণে তাঁরা এখন ফুলহাতা পোশাক ব্যবহার করছেন।
প্রবীণ বাসিন্দা আবেদ আলী বলেন, বর্তমানে রাত ও ভোরে ঠান্ডার অনুভূতি পাওয়া যাচ্ছে। চলতি বর্ষা মৌসুমে সৈয়দপুরে তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ায় এবার শীত বেশি অনুভূত হতে পারে বলে তিনি মনে করছেন।
সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনি জানান, ১৫ অক্টোবরের পর সৈয়দপুরে শীতের আবহ স্পষ্টভাবে শুরু হতে পারে।

প্রথম দর্পণ,ডেস্ক