সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এনসিপির রাজনৈতিক পর্ষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, রাজনৈতিক পর্ষদের সদস্যদের বিভিন্ন উপকমিটির প্রধান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের উপকমিটির বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজনৈতিক কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের দায়িত্বে থাকবেন সারজিস আলম, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও সালেহউদ্দিন সিফাত।
২৩ সদস্যের সাংগঠনিক উপকমিটিদলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনতে গঠিত ২৩ সদস্যের উপকমিটির প্রধান করা হয়েছে উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে আরও দুজনকে উপপ্রধান করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও মিডিয়াবিষয়ক উপকমিটির প্রধান সারোয়ার তুষার বলেন, রাজনৈতিক পর্ষদসহ দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন এবং দায়িত্ব বণ্টনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্তবৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নৈরাজ্য ও দখলবাজির অভিযোগ নিয়ে আলোচনা হয়। এনসিপির নেতারা এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।
মহানগর, জেলা ও উপজেলা কমিটিকে স্থানীয় পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি নির্ধারণের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিক্ষোভ ও মানববন্ধনের মতো কর্মসূচি থাকতে পারে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সব জেলায় জেলা কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। অক্টোবরের মধ্যে সব উপজেলা কমিটি গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনাবৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলের কৌশল নিয়ে আলোচনা হয়। এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে। তবে স্থানীয় পর্যায়ে প্রার্থীদের মধ্যে সমঝোতা হলে তাতে দলটির আপত্তি থাকবে না বলে সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া গণভোটের রায় উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে—এমন অভিযোগ তুলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন দলটির নেতারা। তাদের দাবি, এ ধরনের কমিটির গণভিত্তি নেই এবং এর দায় সরকারকে নিতে হবে।
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীসহ রাজনৈতিক পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক