শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে ‘জননী’ আয়োজিত এক ‘বউ-শাশুড়ি মেলা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত শাশুড়ি ও পুত্রবধূদের উদ্দেশে এ টি এম আজহার বলেন, এখানে যারা শাশুড়ি হিসেবে এসেছেন, তারা ছেলের বউদের আপন মেয়ের মতো স্নেহ করবেন। আর যারা পুত্রবধূ হয়ে শ্বশুরবাড়িতে এসেছেন, তারা শাশুড়িকে মায়ের আসনে রাখবেন। তবেই পরিবারে শান্তি বজায় থাকবে।
এটিএম আজহার বলেন, এ সরকার আমলে স্বাস্থ্যসেবার মান অনেক ভালো পর্যায়ে চলে এসেছে। সরকার এবং বিরোধী দলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রোগীর সেবার মান বাড়িয়ে আরো উন্নতির দিকে এগোচ্ছে। যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় সেগুলো ১০০ সহ্য করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেগুলো ১০০ শয্যা সেগুলো ১৫০ যার করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি।
গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যারা গর্ভবতী মায়েরা এখানে এসেছেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। অস্বাস্থ্যকর পরিবেশে কখনো সুস্থ সবল থাকা সম্ভব না।
এটিএম আজহার বলেন, আপনারা সবাই জানেন, আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি সুন্দর ও উন্নত জাতি উপহার দিবো। আমাদের এই কথাটি অনুধাবন করে অবশ্যই মা দেরকে সন্তানদের প্রতি আদর স্নেহ ভালবাসার পাশাপাশি শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। তবে শিক্ষার বিষয়টি শুধু ছেলেদের পক্ষে গুরুত্ব দিলে হবে না সমানভাবে মেয়েদেরকেও একই সুযোগ দিতে হবে। একটি শিক্ষিত মেয়ে শ্বশুরবাড়িতে গেলে সেই বাড়ির পরিবেশে সহজেই মিশে যেতে পারবে। শিক্ষিত মেয়েরা সমাজের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকায় নিজেদের অবদান রাখার যোগ্যতা রাখেন। তাই শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ের বৈষম্য করা যাবেনা।
লোহানিপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মোহাম্মাদ রুস্তম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রথম দর্পণ,ডেস্ক