দেশটির সরকারি বিমান পরিষেবা সংস্থা মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (এমএআই) তাদের ফেসবুক পেজে হামলার তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির ব্যাংকক কার্যালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তাড়া-উ বিমানবন্দর বন্ধ থাকায় ১১ ও ১২ ডিসেম্বরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শুক্রবারের প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার তাড়া-উ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে গণতন্ত্রপন্থি সশস্ত্র রাজনৈতিক দল পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) ছয়টি ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) সুইসাইড ড্রোন নিক্ষেপ করে।
হতাহতের খবর নেইহামলার কারণে কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দরের রানওয়ে কিংবা কোনো যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার সময় তাড়া-উ বিমানবন্দরে দেশটির সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান অবস্থান করছিল। সেটিকে লক্ষ্য করেই ড্রোনগুলো নিক্ষেপ করা হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামরিক শাসনের পরও অস্থিরতা২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত অব্যাহত রয়েছে।
প্রায় পাঁচ বছর সামরিক শাসনের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে প্রেসিডেন্ট হন সাবেক সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং। তবে সরকার পরিবর্তনের পরও দেশটিতে স্থিতিশীলতা ফেরেনি।
সূত্র: রয়টার্স

প্রথম দর্পণ,ডেস্ক