মাত্র ১০ মাসে কোরআনের ৩০ পারা হিফজ করল ১৪ বছরের তানজিলা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ বিকাল
  • ৩৫২৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
মাত্র ১০ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছে পটুয়াখালীর মহিপুরের ১৪ বছর বয়সী কিশোরী তানজিলা আক্তার। তার এ অর্জনে মহিপুর সদর ইউনিয়নের বিপিনপুরের জিলাপিতলায় অবস্থিত জামিয়া হযরত ওমর (রা.) মাদরাসায় আনন্দের আবহ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তানজিলার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মাদরাসার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে অভিনন্দন জানান। পরে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তানজিলা মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা অটোচালক হাফেজ মো. সালাউদ্দিন হাওলাদারের একমাত্র সন্তান। ১০ মাস আগে মাদরাসার বালিকা শাখার হিফজখানায় ভর্তি হয় সে। নিয়মিত অধ্যবসায়, একাগ্রতা ও শিক্ষিকাদের নিবিড় তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করে তানজিলা।

সম্মাননা পাওয়ার পর তানজিলা জানায়, অল্প সময়ে কোরআন হিফজ করতে পেরে সে আনন্দিত। শিক্ষিকারা যত্ন নিয়ে তাকে পড়িয়েছেন। ভবিষ্যতেও নিয়মিত কোরআন পড়ার পাশাপাশি কোরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে সে।

মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে তানজিলার বাবা হাফেজ মো. সালাউদ্দিন বলেন, ছোটবেলা থেকেই কোরআনের প্রতি মেয়ের আগ্রহ ছিল। হিফজের সময় সে অনেক পরিশ্রম করেছে। এ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।

মাদরাসার হিফজ শাখার শিক্ষিকা হাফেজা মোসা. মারজিয়া আক্তার বলেন, তানজিলা অত্যন্ত মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। নতুন সবক মুখস্থ করার পাশাপাশি পুরোনো পড়া ধরে রাখার ক্ষেত্রেও তার আন্তরিকতা ছিল। কঠোর পরিশ্রম ও মহান আল্লাহর রহমতেই তার এ সাফল্য এসেছে।

স্থানীয় আলেম ও ব্যবসায়ী হাফেজ মো. মতিন বলেন, কোরআন হিফজের পাশাপাশি এর শিক্ষা জীবনে ধারণ করাই প্রকৃত সাফল্য। তানজিলার এ অর্জন মহিপুরবাসীর জন্য গর্বের বিষয়।

মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদী বলেন, মাত্র ১০ মাসে ৩০ পারা কোরআন হিফজ করা তানজিলার জন্য বড় অর্জন। তার এ সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

সম্মাননা অনুষ্ঠানে মাদরাসার উপদেষ্টা হাফেজ আব্দুল বারেক, প্রতিষ্ঠাতা আব্দুল খালেক কবিরাজ, ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তফা সরদার, সিনিয়র সহ-সভাপতি কিরণ হাওলাদার, সহ-সভাপতি মোশাররফ মুসুল্লি, নাজিমে তালিমাত হাফেজ মো. হারুন হাওলাদারসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মে মাসের শেষদিকে একই মাদরাসার বালক শাখার শিক্ষার্থী মেজবাহ উদ্দিন মুয়াজ মাত্র আট মাসে কোরআনের ৩০ পারা হিফজ করে আলোচনায় আসে। এবার বালিকা শাখার তানজিলা ১০ মাসে হিফজ সম্পন্ন করায় মাদরাসায় নতুন করে আনন্দের আবহ তৈরি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad