৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৬ দুপুর
  • ৩৪২৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ঢাকা ও কুমিল্লার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ’ নামে প্রস্তাবিত এ কর্ড লাইন নির্মাণ হলে বর্তমান রেলপথের তুলনায় দূরত্ব কমার পাশাপাশি ট্রেনের গতি বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রস্তাবিত রেলপথটি কুমিল্লা থেকে দাউদকান্দি, শ্যামপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে যুক্ত হবে। নতুন রেলপথের বড় একটি অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো রেলপথে কোনো লেভেল ক্রসিং রাখা হবে না বলেও জানা গেছে।

বর্তমানে কুমিল্লা থেকে আখাউড়া, ভৈরব বাজার ও টঙ্গী হয়ে ঢাকায় যেতে রেলপথের দূরত্ব প্রায় ৩২০ কিলোমিটার। নতুন কর্ড লাইন নির্মাণ হলে এ দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে আসবে। এতে ঢাকা-কুমিল্লার পাশাপাশি ঢাকা-লাকসাম-চট্টগ্রাম রুটেও যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রেলওয়ে সূত্র আরও জানায়, নতুন রেলপথ নির্মাণের পাশাপাশি রেলের বহরে নতুন কোচ ও ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। প্রস্তাবিত প্রকল্পে ২৬০টি ব্রডগেজ ক্যারেজ, ৩০টি লোকোমোটিভ, ২০০টি মিটারগেজ ক্যারেজ, চারটি হুইল লেদ ও চারটি রিলিফ ট্রেন রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে এবং বর্তমানে নকশা প্রণয়নের কাজ চলছে বলে সূত্রটি জানিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা-লাকসাম-চট্টগ্রাম রুটে ট্রেনে যাতায়াতের সময় কমে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টায় নেমে আসতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পণ্য পরিবহনের সক্ষমতা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

রেলওয়ের সংশ্লিষ্টরা বলছেন, লেভেল ক্রসিং না থাকায় নতুন কর্ড লাইনে ট্রেন বাধাহীনভাবে চলাচল করতে পারবে। এর ফলে উচ্চগতির ট্রেন পরিচালনার সুযোগ তৈরি হবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে নতুন গতি আসতে পারে।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা-ঢাকা সরাসরি নতুন রেললাইন স্থাপনের দাবি দীর্ঘদিনের। নতুন কর্ড লাইন নির্মাণ হলে কুমিল্লার সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে এবং কুমিল্লা থেকে ঢাকায় যাতায়াতের সময় কমে আসবে।

লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম বলেন, কুমিল্লা-ঢাকা নতুন রেলপথ বৃহত্তর লাকসামবাসীর দীর্ঘদিনের দাবি। এ রেলপথ নির্মাণ হলে কুমিল্লাসহ বৃহত্তর লাকসাম অঞ্চলের মানুষ উপকৃত হবে।

লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল বলেন, নতুন রেলপথটি বাস্তবায়িত হলে লাকসাম-নোয়াখালী ও লাকসাম-চাঁদপুরসহ বৃহত্তর অঞ্চলের মানুষ রাজধানীর সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধা পাবেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad