এলভিএমএইচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফরাসি ফ্যাশন হাউস ডিওরের রিসোর্ট ২০২৭ কালেকশনের একটি বিশেষ সাদা-কালো ফ্লোয়ি গাউন পরে উপস্থিত হন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি আনুষ্ঠানিক অ্যাম্বাসেডর হিসেবে কার্ল ল্যাগারফেল্ড পুরস্কার দেওয়ার দায়িত্বও পালন করেন তিনি। ফন্ডেশন লুই ভিটনের মঞ্চে তার উপস্থিতিতে আভিজাত্য, আনুষ্ঠানিকতা ও হাই-ফ্যাশনের সমন্বয় দেখা যায়।
প্রিয়াঙ্কার গাউনটির অন্যতম আকর্ষণ ছিল সাদা ও কালোর পরিমিত ব্যবহার। সাদা অংশের কোমলতা এবং কালোর দৃঢ়তা পোশাকটিতে তৈরি করেছে ভারসাম্যপূর্ণ ও আধুনিক আবহ। কোমরের নিচ থেকে স্কার্ট অংশে ফুলের পাপড়ির মতো কুঁচি ও স্তরযুক্ত নকশা গাউনটিকে দিয়েছে আলাদা মাত্রা।
গাউনটির ড্রেপিংও ছিল বিশেষভাবে নজরকাড়া। আধুনিক গাউনের সঙ্গে দক্ষিণ এশীয় পোশাকের ড্রেপের আবহ এতে ফুটে উঠেছে। পোশাকের কিছু অংশে দূর থেকে দোপাট্টা কিংবা শাড়ির আঁচলের মতো ভঙ্গিও চোখে পড়ে।
পোশাকের নকশাকেই যেহেতু মূল আকর্ষণ হিসেবে রাখা হয়েছে, তাই গয়নায় বাড়তি ভারী কিছু যোগ করেননি প্রিয়াঙ্কা। কানে ছিল সূক্ষ্ম হীরার দুল এবং হাতে কয়েকটি আংটি। পায়ে পরেছিলেন কালো হিল, যা গাউনের সাদা-কালো রঙের সঙ্গে সামঞ্জস্য তৈরি করেছে।
মেকআপেও ছিল পরিমিত গ্ল্যামার। মসৃণ ম্যাট বেস, সূক্ষ্ম কনট্যুরিং, ক্লাসিক স্মোকি আই এবং হালকা শেডের লিপস্টিকে সাজ সম্পন্ন করেন তিনি। মাঝখানে সিঁথি করে পরিপাটি খোঁপা করলেও সামনের কয়েক গোছা চুল আলগা রাখা হয়েছিল।
প্রিয়াঙ্কার এবারের সাজ আবারও দেখিয়ে দিল, ফ্যাশনে নজর কাড়তে সবসময় অতিরিক্ত চাকচিক্যের প্রয়োজন হয় না। সঠিক পোশাক, পরিমিত সাজসজ্জা এবং আত্মবিশ্বাসই একটি লুককে আলাদা করে তুলতে পারে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স