চরমোনাই পীর: মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ বিকাল
  • ৩৭০০ বার পড়া হয়েছে

Banner Ad
https://www.prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়েও দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। দেশে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে দাবি করে তিনি বলেন, ‘মনে হচ্ছে পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি আমরা।’

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলুম মাদরাসায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী প্রত্যাশী তারবিয়াত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। কিন্তু বর্তমান সরকারের সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে তিনি মনে করেন।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জানিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াহবিরোধী কোনো আইন করবে না। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা রাখছে না। সংসদে ইতোমধ্যে শরিয়াহবিরোধী আইন অনুমোদন করা হয়েছে দাবি করে রেজাউল করীম বলেন, এসব আইন থেকে সরে না এলে ইসলামী আন্দোলন প্রতিবাদে নামতে বাধ্য হবে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, দলটির লোগো থেকে ‘আকিমুদ্দীন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে সেখানে ‘ইসলাম’ শব্দটিও আর নেই। তার ভাষায়, সব মিলিয়ে জামায়াতে ইসলামীকে এখন আর ইসলামী দল বলা যায় না।

তিনি আরও বলেন, গত নির্বাচনের ইশতেহারে জামায়াত ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার কথা উল্লেখ করেনি। বরং দলটির আমির সে সময় বলেছিলেন, তারা শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন।

বিদ্যুৎ সংকট নিয়ে জামায়াতের কর্মসূচির সমালোচনা করে রেজাউল করীম বলেন, বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে জামায়াত লংমার্চ করেছিল। কিন্তু পরে দলটির আমির সংসদে বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তিনি প্রশ্ন রাখেন, তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ করার প্রয়োজন হলো কেন? এ ধরনের দ্বিমুখী আচরণের কারণও জানতে চান তিনি।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ আব্দুল্লাহ আখন্দ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহা. সাইফুল ইসলাম। এ সময় জেলা শাখার সম্পাদক জি এম তৌহিদ আনোয়ারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad