আহতদের মধ্যে চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে মীর সরফত আলী সপুর অনুসারীদের পূর্বনির্ধারিত আনন্দ মিছিল বের হওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন।
একপর্যায়ে শেখ আব্দুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় ইটপাটকেলের আঘাতে থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত আহত হন।
পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকা ও আশপাশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স