শনিবার রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে অনেক আশার কথা শুনিয়েছিল। বিএনপি সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেলেও তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ন্যূনতম লক্ষণও দেখা যাচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।
তিনি বলেন, গত ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই প্রায় ২০ হাজার কর্মী বেকার হয়েছেন। পাশাপাশি প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছেন। এর সঙ্গে মাত্রাতিরিক্ত লোডশেডিং ও জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। সামগ্রিকভাবে সরকারের প্রথম ছয় মাস তাদের ব্যর্থতারই সাক্ষ্য দিচ্ছে।
সরকারের প্রতি পরামর্শ দিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, লোডশেডিং কমাতে হবে, জ্বালানি সংকটের সমাধান করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা ছাড়িয়ে যেতে পারে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শুরু থেকেই তারা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন। কিন্তু এ বিষয়ে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে সেই সর্বসম্মত বিষয়টিও অনুসরণ করা হয়নি।
রেজাউল করীম আরও বলেন, সরকার যদি সংস্কার কার্যকর না করে, তাহলে এর ফলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

প্রথম দর্পণ,ডেস্ক